বিস্ফোরণ মামলা : ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জুন


প্রকাশিত: ১০:১০ এএম, ৩১ মার্চ ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন মঙ্গলবার এ দিন ধার্য করেন।

অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলুর নাম রয়েছে।

অবরোধের কারণে বেশিরভাগ নেতাকর্মী আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য ১৫ জুন দিন ধার্য করেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিলে যাওয়ার পথে বেইলী রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে বিএনপির নেতাকর্মীরা পুলিশ হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠি, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ গত বছরের ৪ আগস্ট অভিযোগপত্র আদালতে জমা দেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।