মেয়র-কাউন্সিলরে একজন করে প্রার্থী থাকবে : ১৪ দল


প্রকাশিত: ১০:১৫ এএম, ৩১ মার্চ ২০১৫

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে একজন করে প্রার্থী থাকবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থিত প্রার্থীর পক্ষেই কেন্দ্রীয় ১৪ দলের চূড়ান্ত সমর্থন থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

১৪ দলের একাধিক প্রার্থী থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, অবশ্যই একজন প্রার্থী থাকবে। এটা মেয়র এবং কাউন্সিলর উভয় ক্ষেত্রেই হবে। ১৪ দল মনে করে এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে। আমরাও নির্বাচনী আচরণবিধি মেনে আমাদের নেত্রী শেখ হাসিনা যার পক্ষে সিদ্ধান্ত দেবেন, সমর্থন দেবেন তাকে বিজয়ী করতে ১৪ দলের নৈতিক সমর্থন থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।