এখনো সমান সুযোগ তৈরি হয়নি : এমাজউদ্দিন


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৩ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির পরামর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতাদের প্রচারের দায়িত্বে থাকা ‘শত নাগরিক কমিটি’র প্রধান এমাজউদ্দিন আরো বলেন, এখনও দেশের একটি বড় রাজনৈতিক দলের কার্যালয়ে তালা ঝুলছে। তিন তিনবারের প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন।

এমাজউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী সংসদে বক্তব্যে বলেছেন- তিনি সমতল বিষয়টি বুঝতে পারছেন না। তার বক্তব্যের উত্তরে বলব- একজন ভোটার যখন নিজের ইচ্ছেমত নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, একজন প্রার্থী যখন নির্বিঘ্নে ভোটারদের কাছে যেতে পারবেন, সভা-সমাবেশ করতে পারবেন সেটা হবে নির্বাচনের সমতল মাঠ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, চরম দুঃসময়েও খালেদা জিয়া সিটি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে সায় দিয়েছেন। এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে হবে। গণতন্ত্রের পক্ষের প্রার্থীদের পক্ষে শত নাগরিক কমিটির লোকেরা ঢাকার প্রতিটি ওয়ার্ডে যাবে।

জিয়া কল্যাণ পরিষদের আহ্বায়ক রাহিজা খানম ঝুনুর সভাপতিত্বে সিটি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির সহযোগী সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।