চট্টগ্রামে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৮ মে ২০২৬
কর্ণফুলী ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়

চট্টগ্রামের আনোয়ারা থানার অটোরিকশাচালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন প্রকাশ সোহরাব আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (৭ মে) রাতে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার কর্ণফুলী ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন প্রকাশ সোহরাব আলী (৪৪) নগরের বাকলিয়া এলাকার রাজু ওরফে ওসমান গণির ছেলে।

র‍্যাব জানায়, নিহত সাজ্জাদ আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে তিনি বাড়ির পাশের একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিন পর আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় একটি পুকুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে জবাইয়ের চিহ্ন এবং বুকের নিচে ছুরিকাঘাতের আলামত ছিল। পরে পোশাক দেখে নিহত ব্যক্তিকে সাজ্জাদ হিসেবে শনাক্ত করেন তার স্বজনরা।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার পলাতক আসামি সুমন কর্ণফুলী এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।