খালেদাকে গ্রেফতারের দাবিতে পদযাত্রা রোববার


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৩ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার গণপদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রোববার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী পদযাত্রা শিখা চিরনন্তনে পৌঁছলে সেখানে শপথ অনুষ্ঠিত হবে। পরে নতুন কর্মসূচি ঘোষণা করবেন শাজাহান খান।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির পরও তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে শাজাহান খান বলেন, ‘আমি একজন নাগরিক হিসেবে বলছি, সরকার মনে হয় তাকে আরও পচনের সুযোগ করে দিচ্ছে। তার চরিত্র আরও উন্মোচনের সুযোগ দিচ্ছে। তবে আমরা তার গ্রেফতার ও বিচার চাই।’

সংবাদ সম্মেলনে শাজাহান খান তাদের এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত, মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উজ্জীবিত ও রাষ্ট্রপরিচালনা সুনিশ্চিত, ধর্মীয় অনুভূতিতে আঘাত না করাসহ ১২ দফা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, সদস্য সচিব নারী নেত্রী শিরিন আকতার, আব্দুল মালেক, আলাউদ্দিন মিয়া, বদরুদ্দোজা মিজান, শাহাবুদ্দিন, কামাল উদ্দিন ও ইমা ফেরদৌস প্রমুখ।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।