মিলনকে পরিচয় করিয়ে দোয়া চাইলেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন পাওয়া মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও নিজের জন্য দোয়া চেয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর লালবাগ শাহী মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লিদের কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।
নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে এরশাদ বলেন, পুরান ঢাকার উন্নয়নে জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এই শাহী জামে মসজিদও আমার শাসনামলেই উন্নয়ন করা হয়েছে। এ সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে মেয়র পদে জাপার সমর্থন পাওয়া হাজী সাইফুদ্দিন আহমদ মিলনকে পরিচয় করিয়ে দেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আসন্ন সিটি নির্বাচনের মেয়র বা কাউন্সিলর প্রার্থীরা ৭ এপ্রিলের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। একই সঙ্গে মন্ত্রী পদমর্যাদার থাকা কেউ স্থানীয় সরকারের এ নির্বাচনে কোন প্রার্থীর জন্য প্রচারণা চালাতে পারবেন না। হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেব নিয়োগপ্রাপ্ত।
মসজিদে গিয়ে প্রচারণার চালিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনীবিধি লঙ্ঘণ করেছেন কিনা জানতে চাইলে মেয়র প্রার্থী হাজী মিলন সমকালকে বলেন, তিনি (এরশাদ) প্রচারণা চালাতে আসেননি। উনি লালবাগ মসজিদে নামাজ আদায় করতে আসেন। লালবাগ শাহী মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন।
এএইচ/পিআর