দুই মামলায় জামিন পেলেন খালেদা


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন।

রোববার বেলা ১০টা ৩৫ মিনিটের দিকে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের নিজ কার্যালয় থেকে বকশীবাজার আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দলীয় সূত্রে জানা যায়, বকশীবাজারের বিশেষ আদালত থেকে বের হয়ে বেগম জিয়া তার গুলশানের বাসায় ফিরবেন। পরে রাতে বাসা থেকে গুলশান কার্যালয়ে এসে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।