নিজ বাসায় খালেদা
দীর্ঘ তিন মাস দুই দিন পর গুলশানে নিজ বাসা `ফিরোজা`তে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে বাসায় এসে পৌঁছান তিনি। এ সময় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বেগম জিয়ার সঙ্গে বাসায় প্রবেশ করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালত থেকে বাসার উদ্দেশে রওনা দেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে দুর্নীতির দুই মামলায় হাজিরা শেষে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’তে ফিরেছেন খালেদা জিয়া।
এর আগে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। সকালে বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন।
রোববার বেলা ১০টা ৩৫ মিনিটের দিকে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি। সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের নিজ কার্যালয় থেকে বকশীবাজার আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এমএম/বিএ/পিআর