বিলম্বে হলেও বিএনপির বোধোদয় হয়েছে : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলম্বে হলেও বিএনপির বোধোদয় রাজনীতিতে বাস্তবতার পথ অনুসরণ করবে। জনগণের রাজনীতি করবে। রাজনীতিতে তারা বাস্তবতার পথ থেকে সরে গিয়ে আন্দোলন করতে গেছেন চোরাগুপ্তা-বোমাবাজিতে । এটি ছিল তাদের ধ্বংসাত্মক রাজনীতি। এই ধ্বংসাত্মক রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুরে ফোরলেন প্রকল্পের ওভারপাসের কাজের পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, বিগত ৯টি সিটি করপোরেশন নির্বাচন যেভাবে অবাধ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে তেমনিভাবে এ ৩টি নির্বাচনেও নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
চলতি বছরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের কাজ সম্পন্ন হবে। রোজা ও ঈদকে সামনে রেখে মহাসড়কে যে ভোগান্তি হয় এবার আর সে ভোগান্তির পুনরাবৃত্তি হবেনা।
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোরলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায় প্রমুখ।
এসএইচএ/এমএস