হত্যা ছাড়া আর কিছুই অর্জন হয়নি বিএনপির : তোফায়েল
আন্দোলনের নামে মানুষ হত্যা ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর কিছুই অর্জন করতে পারেন নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে গুলশানের বাড়িতে ফেরার পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল বলেন, খালেদা জিয়া কোর্টে গেলেন, সিটি নির্বাচনে অংশ নিলেন, কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে এতগুলো জীবন তিনি কেড়ে নিলেন কেন? দেশের অর্থনীতির ক্ষতি করলেন কেন? বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্ত করলেন কেন? জনগণের প্রশ্ন এই ৯২ দিন তিনি কী লাভ করেছেন?
তিনি আরো বলেন, একটা দেশ নিয়ে খালেদা জিয়া তিন মাস খেলা করেছেন। বিশ্ব ইজতেমায় মানুষদের আসতে বাধা দিয়েছেন। একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবসে অবরোধ রেখেছেন। ছেলের মৃত্যুর পরেও হরতাল-অবরোধ রেখেছেন। পরীক্ষা বাধাগ্রস্ত করেছেন।
এখনো দেশে অবরোধের ঘোষণা থাকলেও তাতে মানুষের সাড়া নেই দাবি করে তোফায়েল আহমেদ বলেন, জঙ্গি তৎপরতা বন্ধ হয়ে গেছে, নাশকতার খবর নেই, পেট্রলবোমাও কমে গেছে। এর কারণ যারা কাজগুলো করেছে তাদের অনেকেই ধরা খেয়েছেন।
নির্বাচন না করে তিনি যে ভুল করেছেন, তথাকথিত আন্দোলনের নামে দেশের যে ক্ষতি করেছেন তা উপলব্ধি করেই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এজন্য তাকে অনেক ধন্যবাদ, তার শুভবুদ্ধির উদয় হয়েছে।
এএইচ/আরআইপি