আন্দোলন স্থগিত হয়নি : শওকত মাহমুদ


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৬ এপ্রিল ২০১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্থগিত হয়নি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, বিএনপির আন্দােলন এখনো অব্যহত রয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ছিলেন। তিনি আদালত থেকে জামিন নিয়ে বাসায় গেছেন। তার মানে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া নয়।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন পুনপ্রতিষ্ঠার আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেফতার মাহমুদুর রহমান ও সেলিম ভূইয়াসহ সকল পেশাজীবীদের মুক্তি ও মামলা-হামলা-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও পেশাবান্ধব পরিবেশের দাবিতে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, সিটি নির্বাচন আন্দোলনেরই অংশ। পেশাজীবী হিসেবে বলতে পারি তিন মাসে সারাদেশের পেশাজীবীদের গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে একত্রিত করতে পেরেছি। সকলে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হতে পেরেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমীন গাজী বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সিটি নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি।

তিনি বলেন, সরকারি দলের সমর্থক প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা মাঠে নামতে পারছেন না। তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সাধারণ নাগরিকেরাও নিরাপত্তা বোধ করছেন না। সুষ্ঠ নির্বাচনের লক্ষে প্রতিযোগী সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামসহ সকল পেশাজীবী নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএফইউজের মহাসচিব এমএ আজিজ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জি. হারুন-অর-রশিদ, ইউট্যাব সভাপতি সাবেক প্রোভিসি ঢাবি অধ্যাপক ড. আ.ফ.ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জাফির তুহিন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।