জামায়াতকে ত্যাগ করুন : খালেদাকে সুরঞ্জিত
‘পাপ এবং শাপ’ মোচনের জন্য সন্ত্রাস ও জামায়াতকে পরিত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দীর্ঘ তিনমাস দলীয় কার্যালয়ে অবস্থানের পর খালেদা জিয়ার বাসভবনে ফিরে যাওয়ার’ প্রেক্ষিতে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাম্যবাদী দলের আহবায়ক হারুন চৌধুরী, একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
সুরঞ্জিত বলেন, ‘পাপ মোচন ও শাপ মোচনের জন্য খালেদা জিয়াকে সন্ত্রাস ও জামায়াত পরিত্যাগ করতে হবে। তাহলেই কেবল তিনি গণতান্ত্রিক এবং নিয়মাতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে পারবেন।’
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কামরুজ্জানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন সম্পর্কে সুরঞ্জিত বলেন, উচ্চ আদালতে রিভিউ পিটিশনের রায় হওয়ার পর এখন জামায়াত নেতা কামরুজ্জানের সামনে এখন একটি মাত্র পথ রয়েছে। তা হলো তার কৃতকর্মের অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া।
এ বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা প্রার্থনা না করলে স্বাধীনতাকে সুসংহত করার জন্য আলবদর প্রধান কামরুজ্জামানের রায় অবিলম্বে কার্যকর করা উচিত।
একে/আরআই