টিএসসিতে নারীর শ্লীলতাহানি : ছাত্রদলের নিন্দা
বাংলা নবর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কতিপয় বখাটের সহায়তায় নারীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই নিন্দা ও প্রতিবাদ জানান।
ছাত্রলীগকে ‘ধর্ষকদের সংগঠন’ আখ্যা দিয়ে তারা বলেন, নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস। এর আগেও থার্টি ফাস্ট নাইটে তারা টিএসসিতে বাঁধন নামের এক ছাত্রী বোনকে বিবস্ত্র করে সম্ভ্রমহানি করেছিল। মুজিব হলের ছাত্রলীগ নেতার নারীর সম্ভ্রমহানির গোপন ভিডিও ধারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকের ক্যাম্পাসে ধর্ষর্ণের সেঞ্চুরী উৎসব পালন ছাত্রলীগের চারিত্রিক স্খলনের পরিচয় বহন করে।
এদিকে গতকালই (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাজমুলকে ছাত্রী উক্তত্য করার দায়ে কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার করা হয়েছে। এছাড়াও বাংলা নববর্ষের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ এনে ৫ ছাত্রলীগ নেতার নামে প্রক্টর তপন কুমার শাহরের কাছে লিখিত অভিযোগ করেন।
নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপত্তার চাদরে ঘেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সামনেই এ ধরনের ঘটনা এদেশের নারী সমাজের ওপর বড় আঘাত। অবাক করা ব্যাপার দুই নিপীড়নকারীকে ধরে পুলিশে দিলেও ছাত্রলীগ পরিচয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়। অবৈধ সরকারের পদলেহনকারী বিশ্ববিদ্যালয় প্রশাসনে নীরব ভুমিকা পালন করে। ছাত্রলীগের সন্ত্রাসী, মাদক-ব্যবসায়ী ও ধর্ষকদের সেল্টার দেওয়ায় যেন এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান কাজ। ‘পুলিশের অস্ত্র পকেটে গুজিয়ে রাখার জন্য নয়’ অবৈধ সরকার প্রধানের এ ধরনের আস্ফালন শুধুই যেন বিরোধী দলীয় নেতা-কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে স্পষ্টই প্রতীয়মান হয় অবৈধ সরকারের নির্দেশেই ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার, খুনী, মাদক ব্যবসায়ী ও ধর্ষকরা অপরাধমূলক কর্মকাণ্ড করে পুলিশ প্রসাশনের নিরাপদ আশ্রয়ে থাকে।
তারা অবিলম্বে এ ধরনের জঘন্য ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কারের দাবি করেন।
# জাবিতে যৌন হয়রানি : ছাত্রলীগের জড়িত সদস্যরা বহিষ্কার
এমএম/আরএস/আরআই