এখনও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি সম্ভব : তাবিথ
নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, গণতন্ত্রের ভিত মজবুত করার স্বার্থে নির্বাচন কমিশন চাইলে এখনও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভব।
রোববার শেষ দিনের মতো নির্বাচনী প্রচার শেষে তিনি এ কথা বলেন। এর আগে রোববার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রচার ও পথসভা করেন তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আরও বলেন, সরকার সমর্থক প্রার্থী ছাড়া সব মেয়রপ্রার্থীরা কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড, সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু কমিশন আমাদের কোনো দাবি ও প্রস্তাবই রাখেনি।
গ্রেফতার, হুমকি ও হয়রানির অভিযোগ করে তাবিথ আউয়াল বলেন, সরকার সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনী প্রার্থী, ভোটার ও প্লোলিং এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে এবং গ্রেফতার করছে। অন্যদিকে সরকার সমর্থক প্রার্থীরা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করছে।
উল্লেখ্য, আগমী ২৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগামের সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোট গ্রহণের একদিন আগে থেকে অর্থাৎ আজ (রোববার) মধ্যরাত থেকে সকল প্রকার নির্বাচনী প্রচার চালানো বন্ধ হয়ে যাচ্ছে।
এমএম/আরএস/আরআই