ভোট শুরুর ১ ঘণ্টার মধ্যে ব্যালট ভরার অভিযোগ


প্রকাশিত: ০৪:০৯ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে দুটি ব্যালটে ৫ শ`র বেশি ভোট পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভোট দিতে এসে অনেক ভোটার ব্যালট বক্স ভরা দেখতে পান।

এক ঘণ্টার মধ্যে ব্যালট বক্স ভরে যাওয়ার বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলামের কাছে লিখিতভাবে অভিযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। কিন্তু অভিযোগের ওই কপিতে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি বলে অভিযোগ করেছেন আফরোজা আব্বাস।

তিনি বলেন, এই কেন্দ্রে আমাদের কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এই সুযোগে ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে সকাল ৯টায় দুটি ব্যালটে পাঁচশ` জাল ভোট দেওয়া হয়েছে। ফলে ভোটাররা তাদের ভোট দিতে গিয়ে সেই ভোট আগেই দেওয়া হয়েছে বলে দেখতে পেয়েছেন।

এর আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দক্ষিণের বেশ কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার মিডিয়া উইং মাহমুদ।

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের লুৎফা একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ), নটরডেম কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কমলাপুর স্কুল, পূর্ব গোড়ান মদিনাতুল উলুম মাদ্রাসা, ফকিরাপুল প্রাথমিক স্কুল, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজসহ ২০টি কেন্দ্র দখল করে নিয়েছে সরকারদলীয় মেয়র প্রার্থীর নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, সরকারদলীয় মেয়র প্রার্থীর নেতাকর্মীরা এসব কেন্দ্র দখল করে নেয়ায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ভোট দিতে যাবেন কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

এআর/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।