তাবিথের দুই এজেন্টকে ধরে নিয়ে গেছে পুলিশ
ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের এক নির্বাচনী এজেন্টকে ধরে নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার মিরপুর থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
মিরপুরের ১০ নম্বর গোলচত্বরের পাশে গার্লস আইডিয়াল ইনস্টিটিউট ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এক পুলিশ সদস্য এক ব্যক্তির পেছন দিক থেকে প্যান্ট ও বেল্ট ধরে নিয়ে যাচ্ছে।
তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন জানতে চাইলে ওই পুলিশ সদস্য বলেন, ‘পিছনে স্যারেরা আছেন, তারা বলতে পারবেন।’ এরপর তাকে পুলিশের একটি মাইক্রোবাসে তোলা হয়।
এর কয়েক মিনিট পর দেখা যায়, আরেক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কী অপরাধে ধরে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘আমার কোনো অপরাধ নেই। আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের এজেন্ট ছিলাম। এ জন্য আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এ সময় তাকে ধরে নিয়ে যাওয়া পুলিশ সদস্য বলেন, ‘ব্যাটা তুই এজেন্ট না, জাল ভোট দিছোস।’
ওই দুই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে নাম ও পদ প্রকাশ না করে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এরা বাস প্রতীকের এজেন্ট। মামলা আছে। তাই ধরে নিয়ে যাচ্ছি`।
এমএম/এসএ/একে/পিআর