নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : সাঈদ খোকন


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৯ এপ্রিল ২০১৫

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বুধবার বিকেলে রাজধানীর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, নির্বাচনে ছোট-খাট গণ্ডগোল আমাদের রাজনীতিরই অংশ। তবে এবার নির্বাচনে যে গণ্ডগোল হয়েছে
তা খুবই নগন্য। এই শান্তিপূর্ণ ও চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নগরবাসীকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমি মেয়র হিসেবে শপথ নিয়েই নগরের বিশেষজ্ঞদের নিয়ে ঢাকা ডায়ালগের আয়োজন করবো। আমি জানি, হাজার সমস্যার মধ্যে রয়েছে নগরবাসী। সে ডায়ালগে সকলের মতামত ও পরামর্শ নিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ফজলে নুর তাপস এমপি, হাজী মো. সেলিম এমপি, মোস্তফা কামাল মহিউদ্দিনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান।

এএসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।