খালেদা জিয়াকে বিয়োগের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (এমপি) বলেছেন, সিটি নির্বাচন নিয়ে জাতিসংঘসহ যে বিদেশি বন্ধুরা উদ্বেগ প্রকাশ করেছেন, তারা ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এই উদ্বেগ প্রকাশ করেছেন। যেখানে ৩ হাজার কেন্দ্রের রির্পোটই তাদের কাছে নাই। ৩ হাজার কেন্দ্রের রির্পোট ছাড়াই যে উদ্বেগ প্রকাশ করেছে ওই উদ্বেগ আমরা শুনেছি এবং শুনবো। কিন্তু, এই উদ্বেগ নিয়ে আমরা মাথা ঘামাই না। বিদেশি বন্ধুদের যদি কিছু বলার থাকে তথ্য উপাথ্য এবং প্রমাণ দিয়ে কথা বলবেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলা পরিষদে পাঠ্যাবাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, গণতন্ত্রের ঘরে আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে ফেরানোর জন্য চেষ্টা চলছে। তাকে যোগ নয়, বিয়োগের মাধ্যমেই দেশের গণতন্ত্র ফিরে আসবে।
৩ সিটি নির্বাচনে আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার মনোনিত প্রার্থীদের পরাজয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে সাংবাদিকদের বাধা দেয়ার প্রশ্নে তিনি বলেন, কোন কেন্দ্রে এবং কোন কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের বাধা দিয়েছেন তা সুনিদির্ষ্টভাবে অভিযোগ করলে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।
কর্মশালায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ জন প্রতিনিধি ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
আল-মামুন সাগর/এমএএস/আরআইপি