স্থল সীমান্ত বিল পাসে সিপিবি’র সন্তোষ
ভারতের লোকসভায় বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত বিল পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এক যুক্ত বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, ‘ঐতিহাসিক এই সীমান্ত বিল পাশ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ ৪১ বছরের প্রতীক্ষার। এই বিল পাশ হওয়ার ফলে দুই দেশের মধ্যে আস্থা ও পরস্পরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘বিভিন্ন সময়ে অপ্রয়োজনীয় নানা কারণে এই বিল পাশ করতে বিলম্ব হয়েছে। বিলম্বে হলেও এই গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি। একই সঙ্গে আমরা তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করারও আহ্বান জানাচ্ছি।’
একে/এমএস