বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১২ মে ২০২৬
চট্টগ্রামের পটিয়ায় হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজ উদ্বোধন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা— কোনো চাঁদাবাজি, সন্ত্রাস চলবে না। কোনো অন্যায়কারীকে পশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কাজে কেউ বাধা দিলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। তবে উন্নয়ন কাজে কোনো অনিয়ম করা যাবে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিক উন্নয়ন কাজ শুরু করেছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনামুল হক এনাম বলেন, হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশেপাশের এলাকার চিত্র পাল্টে যাবে। উপকৃত হবে কৃষক, পর্যটন স্পট সৃষ্টি হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও বৃষ্টির পানি বা অতিবৃষ্টির ফলে নিচু অঞ্চলের মানুষকে কষ্ট পেতে হবে না।

তিনি বলেন, দলীয় কেউ শালিস বিচারে অংশ নিতে পারবে না। এমপির পরিচয়ে কেউ এলাকায় কোনো অনিয়ম করতে চাইলে তাকে ধরে পুলিশে দিবেন। এলাকার কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

আরও পড়ুন
পদ-পদবী নয়, জনগণের সেবাই প্রকৃত রাজনীতি: মেয়র শাহাদাত 
সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামাল। যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, ঠিকাদার সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবর ফারুকী, বিএনপি নেতা আলী আকবর, শামশুল আলম, আবুল কাশেম, আনোয়ার হোসেন, জাগির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জাম বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন প্রমুখ।

মতবিনিময়ের শুরুতে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মান কাজের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। পরে প্রকল্পের কাজ ঘুরে দেখেন তিনি।

১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের উপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক বসানো, বাঁধ নির্মাণসহ ৫টি প্যাকেজের কাজ শুরু হয়েছে। যা ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।