বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে : নৌমন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে, হরতাল অবরোধের নামে তারা মানুষ পুড়িয়ে মারছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে খালেদার অহেতুক অবরোধ এবং হরতালকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। শুক্রবার বেলা আড়াইটায় সিলেটের তামাবিল স্থলবন্দর উন্নয়ন শীর্ষক প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের সার্বিক উন্নয়ন হয়। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্র হাসিনা সরকারের উন্নয়ন কাজকে ধ্বংস করার জন্য পায়তারা করছেন।
শাজাহান খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে পাপ মুক্ত করছে। বিএনপি শুধু মানুষ হত্যার রাজনীতি করে। তারা ক্ষমতায় এলে খুনের রাজনীতি কায়েম করে। তিনি আরো বলেন, এদেশে জঙ্গিবাদের রাজনীতি চলবে না। বাংলার মানুষ জঙ্গিবাদের রাজনীতিকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বিদায় করবে। মন্ত্রী খালেদা জিয়াকে `পেশাদার খুনি` উল্লেখ করে বলেন, এর সাজা তাকে অবশ্যই ভোগ করতে হবে।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ এবং জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) মেশকাত আহমেদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা, ৫ বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার লে. কর্নেল মহি উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমেদ, কাষ্টমসর অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদ।
ছামির মাহমুদ/এমজেড/এমএস