আবারো সালাহউদ্দিনের সন্ধান চাইলেন খালেদা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)`র যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফেরত দেয়ার জন্য আবারো দাবি জানালেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া এ দাবি জানান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা ধরে নিয়ে যাবার পর দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার (সালাহউদ্দিন) কোন হদিস পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, `শেখ হাসিনার লাগাতার দুই আমলে বিএনপি`র অন্যতম সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, প্রাক্তন ছাত্রনেতা ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা চৌধুরী আলম, লাকসাম বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমদ দিদারসহ বিরোধী দলের বহু নেতা-কর্মীকে বলপূর্বক গায়েব করে ফেলা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তাদেরকে আটক করে নিয়ে যাবার পর থেকে দীর্ঘ দিনেও তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা যায়নি তাদের ভাগ্যে কি ঘটেছে।
খালেদা জিয়া আরো বলেন, গুম করে ফেলা এসব নেতা-কর্মী ও নাগরিকদের স্বজনেরা তাদের প্রিয়জনের ফিরে আসার প্রত্যাশায় উৎকণ্ঠার প্রহর যাপন করছেন। তারা জানেন না তাদের নিখোঁজ স্বজনেরা আটক অবস্থায় বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন কি না। খুনের শিকার হয়ে থাকলে সেই খুনের বিচার দূরে থাকুক, লাশটি পর্যন্ত তারা পাননি। জানতে পারেননি মৃত্যুর তারিখটিও। সুযোগ পাননি প্রিয়জনের লাশ দাফন, কবর, জিয়ারত কিংবা মৃত্যু দিবসে দোয়া খায়ের ও মাগফিরাত কামনা করার।
তিনি বলেন, এই পটভূমিতে সালাহউদ্দিনের জন্য তার পরিবারের এবং আমাদের সকলের উৎকণ্ঠা দিন দিন আরো গভীর হচ্ছে। আমরা বারংবার তাকে ফিরিয়ে দেয়ার দাবি করে আসছি। তার স্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করছেন তার স্বামীকে ফিরিয়ে দেয়ার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী সালাহউদ্দিনকে নিয়ে নিষ্ঠুর কটাক্ষ করলেও তাকে ফিরিয়ে দেয়ার কোনো উদ্যেগ নেননি।
বিএনপি প্রধান অভিযোগ করে বলেন, `সালাহউদ্দিনের বিষয়ে তার স্ত্রী থানায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি। যদিও পুলিশ নিজে থেকে একটা জিডি করেছে, কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা সত্বেও তার সন্ধান আজও দেয়া হয়নি।
খালেদা জিয়া আরো বলেন, সালাহউদ্দিন বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের অন্যতম যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী। তার মতো একজন গুরুত্বপূর্ণ নাগরিককে দীর্ঘদিন গায়েব করে রেখে যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন নির্বিকার থাকতে পারে তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়? দেশে আইন ও প্রাতিষ্ঠানিকতা কি বিলুপ্ত হয়ে গিয়েছে ? কাউকে কি কখনো কোনো কিছুর দায় নিতে বা জবাবদিহি করতে হবে না?
তিনি বলেন, আমি আবারো দাবি জানাচ্ছি, সালাহউদ্দিনকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফেরত দেয়া হোক। দাবি করছি, সকল নাগরিকের বেঁচে থাকার অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাবার সুযোগ নিশ্চিত করা হোক। দাবি জানাচ্ছি, সর্বস্তরে স্বেচ্ছাচারিতার বদলে আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক রীতি-নীতি পুনঃপ্রতিষ্ঠিত করা হোক। দাবি করছি, আইনের প্রয়োগ, তদন্ত ও বিচারিক ক্ষেত্রে নৈরাজ্যের অবসান ঘটিয়ে শৃঙ্খলা ও নিয়ম-নীতি ফিরিয়ে আনা হোক।`
এমএম/আরএস/আরআই