বাংলাদেশ পথ হারিয়েছে : মাহবুবুর রহমান


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২২ মে ২০১৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ পথ হারিয়েছে, এই পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের ওপরে বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। তাহলেই বিদেশি প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত এক প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

মাহবুবুর রহমান বলেন, ‘আজকের শিশুদের সৃজনশীলতা ও সম্ভাবনা অনেক বেশি। তাই শিশুদের নজরুলের কবিতা ও প্রবন্ধগুলো পড়াতে হবে। তাহলেই তারা নজরুলের চিন্তা ও চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।