শিশুর জীবন রক্ষা ও নিরাপত্তার দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৩ মে ২০২৬
রাজধানীর ফার্মগেট মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানববন্ধন/ছবি: সংগৃহীত

শিশুদের জীবন রক্ষা ও দেশবাসীর নিরাপত্তার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৩ মে) দলের ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোনের আয়োজনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বিকেলে রাজধানীর ফার্মগেট মোড়ে এই মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। এসময় শিশুমৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং দেশে হত্যা, ছিনতাই ও চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশে শিশুমৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের ওপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরিফুল ইসলাম আদিব আরও বলেন, সরকার বর্তমানে নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারাদেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি গাজীপুরে পাঁচজন হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। এছাড়া সীমান্ত হত্যা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এসময় এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করে শিশুমৃত্যুর হার বন্ধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজ প্রমুখ।

এনএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।