ব্লগার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় : সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ব্লগার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হত্যাকাণ্ড জঙ্গিবাদের ধারাবাহিক কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। শুক্রবার দুপুরে রাজধানীর আইডিবি ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দিনের বেলায় একই কায়দায় একের পর এক মুক্তমনা মানুষদেরকে হত্যা করা হচ্ছে। হত্যাকারীরা ব্যাগে করে চাপাতি নিয়ে আসছেন। খুন করে আবার তা ব্যাগে পুরে নিয়ে যাচ্ছেন। অথচ পুলিশ এর কোনো কূল-কিনারা পাচ্ছে না। পুলিশ আশা দিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশের আশ্বাসে জনমনে হতাশা ছাড়া আর কিছু নেই। উগ্রবাদী শক্তি উন্নত প্রযুক্তি দিয়ে পুলিশ-রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। উগ্রবাদের কাছে রাষ্ট্র অসহায় হয়ে পড়বে, তা হতে পারে না।
উন্নয়ন-গণতন্ত্র প্রশ্নে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পথে বাংলাদেশ হাঁটবে না উল্লেখ করে বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, অনেনেকেই মনে করছেন, সরকার গণতন্ত্রের চাইতে উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের ধারণা ভুল। উন্নয়ন এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। গণতন্ত্র রেখে উন্নয়ন টেকসই হতে পারে না। এটি একবিংশ শতাব্দী। শেখ হাসিনা গণতান্ত্রিক পথেই উন্নয়ন করতে চান। শেখ হাসিনা বিশ্বে নিজেই একটি নতুন মডেল।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়া দল পুনর্গঠনের কথা ভাবছেন বলে মিডিয়ায় খবর এসেছে। ভালো কথা। দেরিতে হলেও দল নিয়ে তার শুভবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু দল পুনর্গঠনের আগে খালেদা জিয়াকে রাজনীতি মূল্যায়ন করতে হবে। জামায়াত, জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে পেট্রলবোমায় মানুষ মেরে রাজনীতি হয় না। এই উপলব্দি আগে করতে হবে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ প্রসঙ্গে বলেন, তিনি (সালাহউদ্দিন) ভারতে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে দেশে ফিরে এলেই এ নাটকের রহস্য উদঘাটন করা হবে। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা ড. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের অন্যান্যরা বক্তব্য রাখেন।
এএসএস/বিএ/এমএস