শেখ হাসিনার গণ-সংবর্ধনা সফল করতে আ.লীগের যৌথসভা সোমবার
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণ-সংবর্ধনা সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৪টায় আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ও তার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অসামান্য অর্জনের সফল ‘কান্ডারী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-সংবর্ধনা দেয়া হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে রোববার বলা হয়, সভায় অংশ নেয়া ঢাকার আশেপাশের জেলাগুলো হলো- ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। এছাড়া বিকেল সাড়ে ৫টায় একই স্থানে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এ যৌথসভাসমূহে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
একে/আরআইপি