ছিটমহল সমস্যা, বর্ডার সমস্যাসহ একাধিক বিষয় সমাধান হবে: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে রক্তপাতহীনভাবে সমুদ্র জয় করেছে বাংলাদেশ। তিনি মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়নে ভূমিকা রেখে চলেছেন। আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন। এই সফরে ছিটমহল সমস্যা, বর্ডার সমস্যাসহ একাধিক বিষয়ে সমাধান হবে। যা বাংলার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
শনিবার বিকেলে মন্ত্রী সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটিরায়মে কমিউিনিটি ক্লিনিকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও রাতে কাজিপুর উপজেলার দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বত্তব্যে এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর একমাত্র শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১৯৯৮ সালে ক্ষমতায় থাকাকালীন দেশের সাধারণ মানুষের কথা ভেবে স্বাস্থ্যসেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন।
পরবর্তীতে ২০০১ সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তা বন্ধ করে দেন। ফলে দেশের মানুষ সহজলভ্য স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। কিন্তু শেখ হাসিনা সরকার আবারো সরকার গঠনের পর সেই ক্লিনিক পুনরায় প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেশের মানুষ সহজেই হাতের কাছে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। একই সঙ্গে তারা বিনামূল্যে ওষুধও পাচ্ছেন। আসলে বিএনপি ও জামায়াত দেশের মানুষের কথা ভাবে না। তারা নিজের আখের গোছাতেই ৫ বছর পার করেছে। যে কারণে পরবর্তীতে মানুষ তাদের ভোটের মাধ্যমে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে।
জেলা সিভিল সার্জন ডা. শামসুদ্দিনের সভাপতিত্বে কমিউনিটি ক্লিনিকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না, বেলকুচি আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, স্বাস্থ্য বিভাগের রাজশাহী অঞ্চলের বিভাগীয় পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উলাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস চন্দ্র প্রমুখ।
বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানের সমাবেশে কাজিপুর উপজেলার দুটি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পল্লী বিদ্যুতের জিএম তুষার কান্তি দেবনাথ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কাজিপুর উপজেলার কুনকুনিয়া, চকপাড়া গ্রামের ৪৯৩টি পরিবারের মধ্যে প্রায় ৯৩ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী। এর আগে মন্ত্রী বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের একটি নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন।
বাদল ভৌমিক/এমজেড/এমএস