চট্টগ্রামে সাড়ে ৪২ লাখ টাকার প্লাস্টিক দানা আত্মসাৎ, গ্রেফতার ৩
চট্টগ্রাম নগরের পতেঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আত্মসাৎ হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আত্মসাৎ ও গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, আত্মসাৎ হওয়া প্লাস্টিক দানার মোট মূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা। এর মধ্যে উদ্ধার হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানার মূল্য প্রায় ২২ লাখ টাকা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী মো. ওবাইদুল হক খসরু একটি পরিবহন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা কারখানায় পৌঁছে দেওয়ার জন্য একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। গত ৪ মে পতেঙ্গা এলাকার এসএপিএল ডিপো থেকে পণ্য বোঝাই করে গাড়িটি রওনা দেয়।
অভিযোগে বলা হয়, গাড়িচালক মো. রাশেদ নির্ধারিত কারখানায় পণ্য পৌঁছে না দিয়ে সহযোগীদের নিয়ে সেগুলো আত্মসাৎ করেন। পরে এ ঘটনায় ৯ মে পতেঙ্গা থানায় পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা করা হয়। মামলার পর পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
গত ১১ মে বন্দর এলাকায় অভিযান চালিয়ে ইমাম আলী ওরফে ইমন (২১) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে মিরসরাই এলাকা থেকে কাভার্ডভ্যানচালক মো. রাশেদকে (২৯) গ্রেফতার করা হয়।
পরে রাশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলী সিকদার (৫০) নামের আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেখানো একটি গোডাউন থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।
এমআরএএইচ/এএমএ