ছেলের কবর জিয়ারত করলেন খালেদা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০২ জুন ২০১৫
ফাইল ছবি

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল পৌনে ৬ টায় বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি।

পবিত্র শবে বরাত উপলক্ষে ছেলের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত্যুকালে আরাফাত রহমান কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি কুয়ালালামপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

কোকো বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। যা নিয়ে নানা বিতর্ক রয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় চলে যান। এরপর থেকে তিনি মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন।

এমএম/এসএসইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।