বাংলায় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই নেই : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের মাটিতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কোনো ঠাঁই হবে না। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ থেকে উসকানি দেয়া হয়েছে অনেক আগে থেকেই।
শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নৌকার সমর্থক গোষ্ঠী নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, বিশেষ করে উলফার কর্মকাণ্ডকে জিয়াউর রহমান ও এরশাদ উভয়ই সমর্থন করেছেন। বাংলাদেশের মাটি ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করেছেন খালেদা জিয়ার সরকারও। এটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য শুভকর হতে পারে না। বন্ধু রাষ্ট্রের কাছ থেকে বন্ধুত্ব দিয়েই কিছু আদায় করতে হয়, শত্রুতা দিয়ে নয়। শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর, যাতে করে বাংলাদেশের মাটি কোনোভাবেই ভারতের বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে না পারে।
সাবেক এই মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ১৯৭১ সালের সম্পর্কে যেতে চাইছে। এ সম্পর্ক উভয় দেশের স্বার্থের, সম্মানের। নরেন্দ্র মোদির সফর সম্পর্ককে আরো জোরদার করবে। মোদি সরকার বাংলাদেশের প্রতি উদারনীতি প্রকাশ ঘটিয়েছে সীমান্ত বিল পাশ করার মধ্য দিয়ে। এ জন্য আমরা ভারতের সরকার, জনগণকে সাধুবাদ জানাই। মোদির আসন্ন সফরে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আমি আশাবাদী।
বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, নরেন্দ্র মোদির এ সফর যে, দক্ষিণ এশিয়ার জন্য যুগান্তকারী ঘটনা, তা দু’দেশের গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সফরে সমৃদ্ধ বাংলাদেশের ভিতকে আরো শক্তিশালী করবে।
নৌকার সমর্থক গোষ্ঠীর সভাপতি ড. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, কৃষক লীগের অর্থ সম্পাদক নাজিম মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এএসএস/বিএ/এমএস