প্রস্তাবিত বাজেটে গরিবদের প্রাধান্য দেয়া হয়েছে : ইনু
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধনীর চেয়ে গরিবকেই প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশ্ব পরিবেশ দিবস শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারকে কৃষি, গ্রাম এবং পরিবেশবান্ধব সরকার হিসেবে অভিহিত করে তিনি বলেন, গরিবদের প্রতি বিশেষ নজর রেখেই এ বাজেট ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকারের সকল কার্যক্রম পরিচালিত হয় দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে। আর সে লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট ঘোষিত হয়েছে।
তিনি বলেন, আমাদের সবার প্রচেষ্টায় সংবিধানে দু’টি অধিকার সংযোজন করতে হবে। তা হলো- ইন্টারনেটের অধিকার এবং নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার।
হাসানুল হক ইনু বলেন, অনেকেই মনে করতে পারেন এখন নষ্ট সময়, আসলে এটা নষ্ট সময় নয় বরং নষ্ট সময় ছিল সেদিন, যেদিন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল ইতিহাসকে। নষ্ট সময় ছিল সেদিন যেদিন বাংলাদেশকে দখল করে নিয়েছিল সামরিক শাসকরা। যারা একাত্তরের পর আঁস্তাকুড় থেকে তুলে এনে রাজাকার আল বদর, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে জায়গা করে দিয়ে বাংলাদেশের ইতিহাসকে পদদলিত ও কলঙ্কিত করেছিল। ধ্বংস করা হয়েছিল বাংলাদেশের সংবিধানকে। সেই নষ্ট সময়ের খেসারত এখন আমরা দিচ্ছি।
তা না হলে বহু আগেই বাংলাদেশ স্বাবলম্বী হতো, খাদ্য নিরাপত্তা অর্জনে সক্ষম হতো বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (ফাও) আবাসিক প্রতিনিধি মাইক রবসন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নীতীশ চন্দ্র দেবনাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কৃষিবিদ ড. এম জয়নুল আবেদীন।
আরএস/পিআর