দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযানের আহ্বান বিএনপির
বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান আসাদুজ্জামান রিপন।
পবিত্র রমজান মাসে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন রেওয়াজ হয়ে গেছে। বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখবেন। কিন্তু বাজারে এখন আগুন।
ড. আসাদুজ্জামান রিপন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যকে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, ‘ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে জন্য মিয়ানমারকে কূটনেতিক পর্যায়ে সতর্ক করে দেয়া উচিত। আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।’
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল লতিফ জনি, হাবিবুর রহমান হাবিব, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচএস/আরআইপি