বিশিষ্টজনদের হত্যার হুমকির প্রতিবাদে জাসদের মানববন্ধন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নেতৃবৃন্দ জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির উদ্যোগে জাসদ সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ আহ্বানন জানান তারা।
সভায় বক্তারা বলেন, হুমকি দিয়ে হাসানুল হক ইনুর কণ্ঠরোধ করা যাবে না। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেত্রী লুৎফা তাহের এমপি, জাসদের সাংগঠনিক সম্পাদক নূরুল আখতার, করিম শিকদার, ঢাকা উত্তর জাসদের সভাপতি সফি উদ্দিন মোল্লা ও দক্ষিণের সভাপতি হাজী ইদ্রিস বেপারী।
জাতীয় যুব জোটের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ কার্যালয়ের সামনে হাসানুল হক ইনু এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় যুব জোটের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাসদের কেন্দ্রীয় ও জাতীয় যুব জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এসএইচএস/আরআইপি