ফখরুলের মুক্তির সিদ্ধান্ত বৃহস্পতিবার


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৩ জুন ২০১৫

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তি পেতে হলে বৃহস্পতিবার পর্যন্ত মির্জা ফখরুলকে অপেক্ষা করতে হবে।

জানা গেছে, যে সাত মামলায় মির্জা ফখরুল জামিন পেয়েছেন, তার মধ্যে তিনটিতে জামিন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সোমবার ওই তিন মামলায় তার জামিন স্থগিত না করলেও আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আগামী ২৫ জুন ওই আবেদনের ওপর শুনানি হবে। ফলে মুক্তি পাচ্ছেন কি না, তা জানতে ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে মির্জা ফখরুলকে।

মির্জা ফখরুলের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, ‘চেম্বার আদালত মির্জা ফখরুলের জামিন আদেশ স্থগিত করেননি। সেই হিসেবে, তার জামিন পেতে আইনগত বাধা নেই। কিন্তু যেহেতু বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে, তাই পুলিশ তাকে এখনই ছাড়বে না।’

প্রসঙ্গত,  ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় গ্রেপ্তার হন বিএনপির এই নেতা। এরপর একে একে পল্টন থানায় নাশকতার ছয়টি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৬ এপ্রিল পল্টন থানার এক মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ১৮ জুন পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় জামিন পান। সর্বশেষ গত রোববার পল্টন থানার আরো তিনটি মামলায় জামিন পান। তার আইনজীবীরা জানান, এর ফলে কারাগার থেকে মির্জা ফখরুলের মুক্তির আইনগত বাধা কেটেছে।

তবে ১৮ জুন পল্টন ও মতিঝিল থানার যে তিনটি মামলায় মির্জা ফখরুল জামিন পান, সেসব মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

এমএম/ এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।