রাজশাহীতে বাসের ধাক্কায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৮ মার্চ ২০১৬

রাজশাহীতে বাসের ধাক্কায় রুহুল আমিন (১৩) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানগরীর মতিহার থানাধীন দেওয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল নগরীর সুজানগর উত্তরপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহী থেকে নাটোরগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে রাস্তা পারাপারের সময় রুহুলের ধাক্কা লাগে। এ সময় সে রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
 
এ ব্যাপারে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলের মধ্যে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে নিহত শিশু রুহুলের বাবা মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ঘাতক বাসসহ তার চালককে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

শাহরিয়ার অনতু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।