তথ্য পাচার ঝুঁকি রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মোবাইল সিম রেজিস্ট্রেশনে বায়োমেট্রিক পদ্ধতি বাতিল করে তথ্য পাচার ঝুঁকি রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সেইভ হিউম্যান অ্যান্ড পিস অর্গানাইজেশন এবং নাগরিক পরিষদ নামক সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশনে উচ্চ আদালতের রুলের জবাব না দিয়ে কার্যক্রম চালানো আদালত অবমাননার শামিল।তাই অবিলম্বে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম বন্ধ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় সবগুলো মোবাইল কোম্পানি বিদেশি।এদের ডাটাবেজ ভারত, নরওয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সংরক্ষণ করা হয়। তথ্য পাচার হলে বাংলাদেশ ব্যাংকের মত হ্যাকার গ্রুপ জাতীয় স্বার্থের পরিপন্থী সাইবার আক্রমণ চালাতে পারে।
মন্ত্রী বলেছেন হাতের ছাপ কোথায়ও সংরক্ষণ হচ্ছেনা তাহলে নেওয়া হচ্ছে কেন এমন প্রশ্ন করে বক্তারা বলেন, ন্যাশনাল আইডি করার সময় সবার তথ্য দেওয়া হয়, তার সঙ্গে মিলিয়ে নেয়া হোক। নাগরিকের তথ্য জানার অধিকার সরকারের আছে, আর তথ্য কোথায় সংরক্ষণ হবে তা জানার অধিকারও জনগণের আছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হলে সকলের ব্যাক্তিগত ও সম্পদের গোপনীয়তাসহ মৌলিক মানবাধিকার ক্ষুন্ন হওয়ার ঝুঁকি থাকবে। তাই অবিলম্বে বায়োমেট্রিক পদ্ধতির কার্যক্রম বন্ধ করে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ঝুঁকি রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়ক মোহম্মাদ হানিফ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/আরআইপি