সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনির ‘ন্যাক্কারজনক’ হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশন। এ সময় ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকরাও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রথম আলোর সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান বলেন, অর্ন্তবর্তী সরকার ছাত্র-জনতা ও সাংবাদিকদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসার পর সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করেনি বরং সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতায় বাঁধা দিচ্ছে। তাদের ল্যাং মেরে ফেলে দিচ্ছে, তাদের ওপর হামলা করছে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই কাজগুলো পুলিশের যেসব সদস্য অতি উৎসাহী হয়ে করেছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, চাকরিচ্যুত করতে হবে এবং তাদের অপরাধের শাস্তি দিতে হবে। সরকার যদি এটা করতে না পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে স্বাধীন সংবাদিকতা করা সম্ভব হবে না।

শুক্রবার পুলিশের হামলায় আহত সাংবাদিক আবু বকর অভিযোগ করে বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে। তার মৌন সম্মতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। গতকাল সাধারণ মানুষকে যখন পেটায় তখন আমরা প্রশ্ন করি তাদের কেন পেটানো হচ্ছে? সঙ্গে সঙ্গে আমাকে তলপেটে লাথি মেরেছে। এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ হতে পারে না।

রাকিব মাহমুদ নামে অন্য এক গণমাধ্যমকর্মী বলেন, হাসিনার পুলিশের মতো ইউনূসের পুলিশও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেছে। এটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা কি না তাও খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। সরকার শতকোটি টাকা খরচ করে পুলিশের পোশাক পরিবর্তন করলো। কিন্তু, পুলিশের কি চরিত্রের পরিবর্তন হয়েছে? আমি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।

এফএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।