মুদ্রণশিল্প যাচ্ছে সিরাজদিখানে
রাজধানী থেকে মুদ্রণশিল্পকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে সাড়ে ৫ হাজারের মতো মুদ্রণশিল্প আছে। যার মধ্যে ৩ হাজার রয়েছে ঢাকায়। এর মধ্যে ৭০ শতাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই পরিবেশ রক্ষাসহ এ শিল্পের বিকাশের লক্ষ্যে ঢাকার মুদ্রণশিল্পকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সভায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’সহ মোট ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা ও ঢাকার বাইরে মুদ্রণ শিল্পকে একটি পরিবেশ বান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপন করা হবে। প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ২০১৫ সালের জুন হতে ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বিসিক মুদ্রণ শিল্প নগরীতে ৩৮৫ প্লটে ৩৮০টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট প্রতিষ্ঠিত হবে। সেখানে ১৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। স্বাধীনতার পর হতে এ পর্যন্ত ৭৪টি ইন্ডস্ট্রিয়াল এস্টেট প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ৭০টি জেনারেল টাইপ ও ৪টি মনোটাইপ এস্টেট। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দরিদ্রতা দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। ফলে জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। মুদ্রণশিল্প খাতে ৪ লাখ মানুষ জড়িত বলেও জানান মন্ত্রী।
এসএ/এমএমজেড/একে/আরআইপি