বাংলাদেশকে বন্ধুহীন করা হয়েছে : খালেদা


প্রকাশিত: ১১:৪৫ এএম, ৩১ মার্চ ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতাশীনদের কোন উদ্যোগ নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে।

বন্ধুত্বের বদলে সরকার গোলামীর পথ বেঁচে নিয়ে শাসকরা তাদের গদি রক্ষায় ব্যস্ত বলেও মন্তব্য করেন খালেদা।

বৃহস্পতিবার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্মপ্রাণ মানুষ ও অালেম সম্প্রদায় নানাভাবে নিগৃহিত ও হেনস্থার শিকার হচ্ছেন। অন্য ধর্মের লোকদেরও কোন নিরাপত্তা নেই। এখন যারা ক্ষমতায় আছে তারা অন্য ধর্মের নাগরিকদের ভোটই শুধু চায় না। তাদের সহায় সম্পদও দখল করে নিচ্ছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে পেতে চায়।

খালেদা জিয়া বলেন, এই ঢাকার রাজপথেও ওলামা মাসায়েখ, হাফেজ ও মাদ্রাসার গরীব শিক্ষক-ছাত্রদের রক্ত ঝরেছে। সেই ত্যাগ যেন বৃথা না যায়। লোভ ও ভয়ের মুখ ঈমান নষ্ট না করে আপনারা যারা ইসলামী ঐক্যজোটের পতাকা সমুন্নত রেখেছেন তাদেরকে ধন্যবাদ।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামেও আলেম সমাজ পিছিয়ে ছিলেন না। স্বাধীন দেশের মানুষের অধিকার ও ইনসাফ কায়েমের জন্য অকাতরে জীবন দিতেও পিছপা হননি। আগামীতেও আপনাদের সে ভূমিকা দেশবাসী আশা করে।

খালেদা বলেন, দেশের সংকট নিরসনে এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনার আহ্বান জানিয়েছি। বল এখন শাসক দলের কোটে। তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করি। দেশের চরম সংকট উত্তরণে আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও সেচ্চার হএয়ার আহ্বান জানান তিনি।

এমএম/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।