বাড়াবাড়ির একটা সীমা আছে : শাহ মোয়াজ্জেম


প্রকাশিত: ০৮:১৩ এএম, ০১ এপ্রিল ২০১৬

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, “বাড়াবাড়ির একটা সীমা আছে, অপরাধ অনেক করেছেন। খালেদাকে গ্রেফতার করলে বিএনপি এবং সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে।”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ সমাবেশের আয়োজন করে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণের সমালোচনা করে শাহ মোয়াজ্জেম বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আমাদের দলীয় প্রতীককে অসম্মান করা হচ্ছে। পরবর্তী ধাপের নির্বাচনগুলোকে আমাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা উচিত।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “রকিবের বিচার বাংলার মাটিতে হবেই।”

আয়েজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

এএস/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।