বাঁশখালীর ঘটনায় জড়িত পুলিশের গ্রেফতার চায় গণসংহতি


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতায় চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় আহুত কর্মসূচিতে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এস আলম কর্তৃপক্ষের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। একই সঙ্গে কৃষিজমি দখল করে, পরিবেশ ধ্বংস করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।  

নেতারা আরো বলেন, বাঁশখালীর মানুষ বহুদিন ধরে এর বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তাদের বিরুদ্ধে হামলা করা হয়েছে, তাদের মিছিলে গুলিবর্ষণ করা হয়েছে। ফলে এই পরিস্থিতি সম্পর্কে প্রশাসন আগে থেকেই অবহিত ছিলেন। ফলে এই অবস্থার দায়দায়িত্ব পুলিশ, এস আলম পক্ষসহ সেখানকার ডিসি, ইউএনওকেও নিতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ফুলবাড়ীর মানুষ যেমন রক্ত দিয়ে উন্মুক্ত কয়লাখনি প্রতিহত করে গোটা বাংলাদেশকে রক্ষা করেছেন ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে, তেমনিভাবেই বাঁশখালির এই সংগ্রামী জনগণও গোটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 
এফএইচ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।