গণতন্ত্র আইনের শাসন মানুষের অধিকার হারিয়েছে
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, বিগত কয়েক বছরে আমরা গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার হারিয়েছে। এখন আবার বিচার বিভাগ নিয়ে সরকারের মন্ত্রীদের কটূক্তি শুনতে হয়। যা আমাদের জন্য লজ্জাজনক।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের ‘নির্বাচিত কলাম’ (প্রথম খন্ড)-গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন আহমদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা বা শক্তির দিক থেকে বিশ্বে দশম বা তার চেয়ে নিচের সংখ্যায় হতে পারে কিন্তু এদেশের মানবতা, জনকল্যাণে ও জনগণের অধিকার আদায়ে তিনি এখনো উজ্জ্বল হতে পারেননি।
ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি প্রসঙ্গে তিনি বলেন, এতো সুরক্ষিত জায়গা থেকে পৃথিবীর কোন দেশে টাকা চুরি হয়নি। আবার এর দায়ভার গভর্নর না নিয়ে, পদত্যাগ করে মুক্ত হতে চাইলেন। জাতীর কাছে সত্য ঘটনাটাও বললেন না। আজ হোক বা কাল হোক, কত টাকা চুরি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে তা বের হয়ে আসবে। জনগণ তখন তা মেনে নিবে না। 
প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের দিকে তাকালে এখন লজ্জা করে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন তিনি। সবাই তাকে অথর্ব বলে কিন্তু আমি তাকে সেটা না বললেও এর চেয়ে ভাল কিছু বলতে পারছি না।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক ,বিএনপির সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সেক্রেটারি হুমায়ুন ব্যাপারী প্রমুখ।
এএস/জেএইচ/এমএস