গণতন্ত্রের নায়িকা ও রাজনীতির খলনায়িকাকে এক পাল্লায় মাপবেন না


প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

গণতন্ত্রের নায়িকা (শেখ হাসিনা) ও রাজনীতির খলনায়িকাকে (খালেদা জিয়া) এক পাল্লায় না মাপতে জনগণ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অপরাধ অঙ্গনে যেমন দাগী আসামি আছে, রাজনীতিতেও তেমন দাগী রাজনীতিবিদ আছে। তারা জঙ্গিতাণ্ডব চালায়, যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়। আসুন এসব আমরা খুনি ও চোরদের রাজনীতির পক্ষে ওকালতি বন্ধ করি। তাদের পক্ষে মিছিল করা বন্ধ করি। এতেই দেশে জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

সাংবাদিকদের সত্য সংবাদ প্রচারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্নীতি করলে মন্ত্রী, সচিব অথবা কর্নেলকে ধরিয়ে দিন। সমালোচনা করলে শেখ হাসিনার সরকার নারাজ হয় না। বরং আমরা মনে করি এসবের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ালে আমরা বিব্রত হই।

ক্রাইম রিপোর্টার্সদের উদ্দেশ্যে ইনু বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা ডিউটি করে। আপনাদের ২৫ ঘণ্টা ডিউটি করতে হবে। পুলিশ ১ মিনিটের জন্যে চোখ বন্ধ করলেও আপনারা করবেন না। তথ্যানুসন্ধান করবেন, সত্য বলবেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।

এসময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল জিয়াউল আহসান বলেন, জাতি গঠনে সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সাংবাদিকতায় ক্রাইম রিপোর্টাররা ২৪ ঘণ্টা কাজ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান লাভলু। নতুন কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর অপরাধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ৫ জনকে পুরস্কৃত করে ক্র্যাব।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান উজ্জ্বল। পরপর পাঁচবার তিনি এই পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হচ্ছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দৈনিক সমকালের শাহাদাত হোসেন পরশ, একুশে টেলিভিশনের দীপু সারোয়ার, বাংলাভিশনের দীপন দেওয়ান ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মাহবুব আলম লাভলু। তাদের হাতে একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক তুলে দেন হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, ক্র্যাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।