রাজকীয় উপাধি হারানোর পর এবার কারাগারে অ্যান্ড্রু

এস ইসলাম
এস ইসলাম এস ইসলাম , লন্ডন থেকে
প্রকাশিত: ১১:২৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর/ফাইল ছবি

সরকারি পদে অসদাচরণের অভিযোগে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। যুক্তরাষ্ট্রের দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী জেফ্রী অ্যাপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক ও যোগাযোগ ঘিরে ওঠা অভিযোগ তদন্তের অংশ হিসেবেই এই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নরফোকের স্যান্ড্রিংহ্যাম এস্টেটের উড ফার্ম এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যান্ড্রু সেখানেই অবস্থান করছিলেন। পুলিশ জানায়, বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তি বর্তমানে হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা রাজা তৃতীয় চার্লস। এক বিবৃতিতে তিনি বলেন, আইন তার নিজস্ব পথে চলবে এবং যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি পূর্ণাঙ্গভাবে তদন্ত করবে। তিনি আরও জানান, তদন্ত প্রক্রিয়ায় রাজপরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তদন্তকারী সংস্থা টেম্স ভ্যালী পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে পূর্বে একাধিক অভিযোগ ওঠে, যার মধ্যে রয়েছে মানবপাচার সংক্রান্ত অভিযোগে আলোচিত নারী ভার্জিনিয়া জিউফ্রে–এর বক্তব্য। যদিও এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

এদিকে, রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে আন্দোলনকারী সংগঠন রিপাবলিক গ্রেফতারকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির দাবি, আইনের চোখে কেউই ঊর্ধ্বে নন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এ বিষয়ে মন্তব্য করে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং যাদের কাছে প্রাসঙ্গিক তথ্য রয়েছে, তাদের তা তদন্তকারী সংস্থার কাছে তুলে ধরা উচিত।

এর আগে গত বছরের অক্টোবরে বাইকিংহাম প্যালেস ঘোষণা দেয় যে অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছে এবং তিনি রাজকীয় বাসভবন ছাড়বেন। কার্যত তিনি আর সক্রিয় রাজপরিবারের সদস্য নন, যদিও উত্তরাধিকার তালিকায় তার নাম এখনো রয়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]