কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করবে বাংলাদেশ-মালয়েশিয়া
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক দীর্ঘদিনের। সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় ২০২২ সালে বন্ধুপ্রতীম এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করা হবে।
শনিবার (৮ মে) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার দেশটির অ্যাস্ট্রো আওয়ানি টেলিভিশনে প্রচারিত ‘আওয়ানি গ্লোবাল’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে হাইকমিশনার জানান, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া। এ স্বীকৃতির ধারাবাহিকতায় ২০২২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে।
এ সময় চলমান কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করে হাইকমিশনার বলেন, বর্তমানে এটি মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
২৬ মিনিটের সাক্ষাৎকারে হাইকমিশনার আরও বলেন, বর্তমানে মালয়েশিয়ায় ২৮ হাজারেরও অধিক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের মাধ্যমে বিস্তৃত হচ্ছে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন। এছাড়া উপযোগী ও অনুকূল পরিবেশ থাকায় প্রতিবছর দেড় লাখেরও বেশি বাংলাদেশি মালয়েশিয়া ভ্রমণে আসেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীরা সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। অনেক কোম্পানি কর্মী হিসেবে বাংলাদেশিদের পছন্দ করে। কারণ বাংলাদেশি কর্মীরা কর্মঠ। তারা কাজ জানে।
দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন অনুষ্ঠানে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে হাইকমিশনার বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০৪১ রূপকল্পের মাধ্যমে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে শামিল হতে চলেছে।
বিদেশি বিনিয়োগে মালয়েশিয়ার অবস্থান নবম। বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে হাইকমিশনার বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় বিনিয়োগ করেছে বৃহৎ বাংলাদেশি কোম্পানি আকিজ গ্রুপ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
এমআরআর/এমএস