চরমোনাই পীর
একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
ইসলামের নাম দিয়ে একটি গোষ্ঠী আমেরিকান আদর্শসহ বিদেশি সংস্কৃতি প্রতিষ্ঠার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
জনভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মায়েদের সন্তান হারানো, দেশ থেকে হাজার কোটি টাকা পাচার এবং দুর্নীতিতে বাংলাদেশের বারবার শীর্ষস্থানে থাকার বিষয়টিও তুলে ধরে জনগণের সিদ্ধান্ত জানতে চান।
তিনি বলেন, ‘কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করলেও তারা আসল ইসলাম নয়।’
এসময় তিনি নোয়াখালীসহ সারাদেশের মানুষকে এই ‘ধোঁকাবাজি’ থেকে সতর্ক থাকা এবং সত্য ও সঠিক আদর্শের পথ চলার আহ্বান জানান। পরে তিনি জেলার তিন আসনে দলের তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।
সভায় নোয়াখালী-১ আসনের হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের প্রার্থী মাওলানা খলিলুর রহমান, নোয়াখালী-৩ আসনের প্রার্থী মাওলানা নুরুদ্দিন আমানতপুরীসহ দলের নেতারা।
ইকবাল হোসেন মজনু/এসআর