সম্প্রীতি রক্ষায় বেলজিয়াম প্রবাসীদের স্মারকলিপি

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা
প্রকাশিত: ১০:০০ পিএম, ৩০ অক্টোবর ২০২১

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে এবং দোষীদের বিচার চেয়ে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ’র কাছে সম্প্রতি এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি তপন রায় এবং মানিক পাল।

স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যা লঘুদের ওপরে হামলা হয়েছে। সেসময় কিছু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এতে আরও বলা হয়, ধর্মান্ধ এক শ্রেণীর নানা অপতৎপরতার শিকার আজ নারী, মুক্তবুদ্ধি চর্চাকারী, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত লেখক, শিল্পী, কবি-সাহিত্যিকসহ নানা গোত্রের মানুষ।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, আমরা মনে করি, সাম্প্রদায়িক এ হামলা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী এবং সংবিধানের চরম লঙ্ঘন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষায় সরকার ও প্রশাসনের এ ব্যর্থতা বিশ্বসভায় বাংলাদেশের ভাবমূর্তিকে ধুলায় লুটিয়ে দিতে যথেষ্ট। তাই প্রবাসে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে রাষ্ট্র ও সরকারের কাছে আবেদন, অনতিবিলম্বে ধর্মীয় সাম্প্রদায়িকতার মূল উপড়ে ফেলে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা হোক।

কেএসআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]