মালয়েশিয়ায় নির্মাণ সাইটে অভিযান, বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক
মালয়েশিয়ার কেদাহ প্রদেশের কুলিমে অভিযানে চালিয়ে বাংলাদেশিসহ ১১৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি, তা জানা যায়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কুলিমের পদাং মেহা এলাকার একটি নির্মাণ সাইটে এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৫৫ জনকে তল্লাশি করা হয়। এদের মধ্যে ১১৯ জনকে আটক করা হয়।
ইমিগ্রেশন কেদাহর পরিচালক মোহদ রিদজুয়ান মোহদ জাইন জানান, আটকদের কারও কারও বৈধ ভ্রমণ নথি ছিল না, কারও ভিসার মেয়াদ শেষ হয়েছে। আটক অভিবাসীদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও চীনের নাগরিক রয়েছেন।
তিনি আরও বলেন, আটক সকল ব্যক্তিকে পরবর্তী নথিপত্র প্রক্রিয়া ও তদন্তের জন্য জেআইএম কেদাহর প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।
এদিকে জেআইএম কেদাহ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের দমন এবং দেশের ইমিগ্রেশন আইন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
বিএ