যুক্তরাষ্ট্রে উদ্ধার দেহাবশেষ কি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৭ এপ্রিল ২০২৬
নাহিদা সুলতানা বৃষ্টি/ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন জলাশয়ে মানবদেহাবশেষ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাই দেহাবশেষটি ইউএসএফ’র নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির কি না তাও জানা যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া সোমবার সকালে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস (এইচসি এসও) এর বরাত দিয়ে এ তথ্য জানান।

এইচসি এসও জানিয়েছে, পিনেলাস কাউন্টি শেরিফ অফিসের সহায়তায় আই-২৭৫ ও ৪র্থ স্ট্রিট নর্থ এলাকার কাছাকাছি জলাশয় থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।

তদন্তকারীদের মতে, ওই এলাকা থেকেই গত শুক্রবার নিখোঁজ ইউএসএফ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একইসঙ্গে আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার হওয়া দেহাবশেষ তার কি না—এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

উদ্ধার করা দেহাবশেষ বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানায়, এটি একটি সক্রিয় তদন্তাধীন মামলা। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী তথ্য জানানো হবে। তদন্তকারী সংস্থাগুলো বলছে, ঘটনাটির সঙ্গে সম্পর্কিত সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এমইউ/এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]