পদ্মায় জেলেদের বড়শিতে উঠে এলো কুমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরার বড়শিতে বিলুপ্তপ্রায় মিঠা পানির একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিরল এই কুমিরটির খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাছ ধরার জন্য পদ্মায় ‘হাজারি বড়শি’ ফেলেন সাগর বেপারী, স্বপন বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামে চার জেলে। সোমবার সকালে তারা বড়শি তুলতে গিয়ে দেখেন বড় কোনো মাছের বদলে পাঁচ ফুটের বেশি লম্বা একটি কুমির আটকা পড়েছে। পরে জেলেরা কৌশলে কুমিরটিকে ডাঙ্গায় নিয়ে আসেন এবং প্রশাসনকে খবর দেন। বর্তমানে কুমিরটি নদীর পাড়ে নিরাপদে বেঁধে রাখা হয়েছে।

ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরেছি। পদ্মায় জেলেদের মাছ ধরা বড়শিতে কুমিরটি ধরা পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কুমিরটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট হবে। এটি মিঠাপানির একটি কুমির।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পদ্মায় কুমিরটি পাহারা দেওয়া হচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা আসলে তাদের কাছে কুমরটি হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জাগো নিউজকে বলেন, বন বিভাগে বিষয়টি জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কর্মকর্তারা ইতোমধ্যে রওনা দিয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটি সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।